নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে সশরীরে হাজির হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ :

সংশোধিত :

রাজধানীতে নিজের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিরল ঘটনার সাক্ষী হন উপস্থিত জনতা ও সংবাদকর্মীরা।

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে ‘মিথ্যাচার ও কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ’। বাদ আসর যখন সবাই স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেখানে আকস্মিকভাবে হাজির হন নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে তিনি সবার কাছে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। পরে তাকে সমাবেশস্থলের সামনেই অবস্থান নিতে এবং বক্তব্য দিতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে ফেরার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’’

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ কেউ একে নাসীরুদ্দীনের ‘পলিটিক্যাল স্ট্যান্ট’ বা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। আবার অনেকে তার এই সাহস ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাকে ইতিবাচক বা ‘ব্যতিক্রমী রাজনৈতিক সংস্কৃতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সর্বশেষ খবর